গরমের মৌসুমে বাজারে এখন প্রচুর পাকা আম। এই রসালো ফল শুধু খাওয়ার জন্যই নয়, নানা ধরনের মুখরোচক ডেজার্ট তৈরিতেও দারুণ জনপ্রিয়। ওভেনের ঝামেলা ছাড়াই ঘরে খুব সহজে তৈরি করতে পারেন ক্রিমি ও সুস্বাদু ম্যাঙ্গো চিজ কেক। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত উদযাপনে এটি হতে পারে দারুণ একটি ডেজার্ট।

প্রয়োজনীয় উপকরণ
-
ডাইজেস্টিভ বিস্কুট: ২০-২৫টি
-
গলানো মাখন: ৩/৪ কাপ
-
ক্রিম চিজ: দেড় কাপ
-
আমের পিউরি (ক্বাথ): ১ কাপ
-
হুইপড ক্রিম: দেড় কাপ
-
গুঁড়া চিনি: ৩/৪ কাপ
-
পাকা আম: ১টি (ছোট টুকরো করা)
-
আগার আগার পাউডার: ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী
১. বিস্কুটের স্তর তৈরি: প্রথমে ডাইজেস্টিভ বিস্কুট ব্লেন্ডারে গুঁড়া করে নিন। এরপর গলানো মাখনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি কেক মোল্ড বা কাচের পাত্রের তলায় সমানভাবে বিছিয়ে দিন। চামচের সাহায্যে হালকা চাপ দিয়ে সেট করে অন্তত ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।
২. ক্রিম চিজের স্তর তৈরি: একটি পাত্রে ক্রিম চিজ, আমের পিউরি, গুঁড়া চিনি ও হুইপড ক্রিম একসঙ্গে নিয়ে মসৃণ হওয়া পর্যন্ত ভালোভাবে বিট করুন। ফ্রিজে রাখা বিস্কুটের স্তরের ওপর এই মিশ্রণ ঢেলে সমান করে ছড়িয়ে দিন। এরপর অন্তত ৮ ঘণ্টা বা সারারাত ফ্রিজে রেখে সেট হতে দিন।
৩. টপিং তৈরি ও পরিবেশন: পাকা আমের টুকরোর সঙ্গে সামান্য চিনি ও অল্প পানি ব্লেন্ড করে পাতলা পিউরি বানিয়ে নিন। এতে আগার আগার পাউডার মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। সেট হওয়া চিজ কেকের ওপর এই মিশ্রণ ঢেলে আবার এক ঘণ্টা ফ্রিজে রাখুন।
পরিবেশন: টপিং পুরোপুরি জমে গেলে ফ্রিজ থেকে বের করে ইচ্ছেমতো আমের টুকরো বা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা সুস্বাদু ম্যাঙ্গো চিজ কেক।

লাইফস্টাইল ডেস্ক 

















