
“জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন; জ্বালানি রূপান্তর নিশ্চিত করি, নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ি” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষ্যে মহেশখালীতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।
বুধবার (৯ সেপ্টেম্বর) মাতারবাড়ী কে জি অ্যান্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মহেশখালী জনসুরক্ষা মঞ্চ ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এবং উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড ও জেটনেট বিডি’র সহযোগীতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহেশখালী জনসুরক্ষা মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি হামেদ হোছাইন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজবাহ উদ্দিন মজিদি।
উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় এবং মাতারবাড়ী কে জি অ্যান্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবীর মডারেশনে প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সদস্য ডাঃ মোঃ এয়াকুব আলী এবং শিক্ষক মাষ্টার মশরফা জান্নাত।
প্রতিযোগিতায় অংশগ্রহণে যুক্তিতর্কে অংশ নেয় ইউনুছখালী নাছির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মাতারবাড়ী কে জি অ্যান্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দল।

প্রতিযোগিতায় উভয় দলের বক্তারাই জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির ওপর তাদের জোরালো ও চমৎকার যুক্তিতর্ক উপস্থাপন করেন। বিতর্কজুড়ে বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং পরিবেশবান্ধব টেকসই ভবিষ্যৎ নিশ্চিতকরণে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা ও গুরুত্ব ফুটে ওঠে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দল এবং বিজয়ী বিতার্কিকদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মাতারবাড়ী নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইছার হামিদ, ইউনুছখালী নাছির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এমরান সরওয়ার, মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ মহসিন, রিনিউয়েবল এনার্জির কো-অর্ডিনেটর এম এ হান্নান, সাংবাদিক এম এ রানা ও আব্দুর রহমান রিটন প্রমুখ।
এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এম এ হান্নান, মহেশখালী প্রতিনিধি: 










